থানা চত্বরে নিজের দু হাতের শিরা কেটে এক সিভিক ভলেন্টিয়ার এর আত্মহত্যার চেষ্টা করায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানায়। রায়গঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসারত ওই সিভিক ভলেন্টিয়ার বাপ্পার অভিযোগ অতিরিক্ত সময় ডিউটি করতে বাধ্য করার প্রতিবাদ করায় রায়গঞ্জ শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ভাটোলে ডিউটি করতে বলা হয় তাকে। চলতি মাসের ২৬ তারিখ কলকাতায় গাড়ির চালকের পরীক্ষা ও অসুস্থ মায়ের দেখভালের কথা বললেও তাকে রেয়াত করা হয়নি। ফলে বাধ্য হয়েই আত্মহত্যার পথ বেছে নেন তিনি।
রায়গঞ্জ থানার পক্ষে কোনো পুলিশ আধিকারিক ক্যামেরার সামনে মুখ না খুললেও, পুলিশ সুত্রে জানাগেছে, লাগাতার ওই সিভিকের বিরুদ্ধে ওঠা অনিয়ম বেনিয়মের তদন্ত শুরু করাতেই সে এ কাজ করে। পাশাপাশি তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ থেকে নজর ঘোরাতেই এমন করেছে বলেই পুলিশের প্রাথমিক অনুমান। জানা গেছে শুক্রবার রাতে বাপ্পা দাস নামের ওই সিভিক ভলেন্টিয়ার থানা চত্বরেই নিজের দু' হাতের শিরা ধারালো কিছু দিয়ে কেটে ফেলে। সেই অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যায় রায়গঞ্জ থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।